২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পিকেটারের হামলায় আহত পুরোহিতের মৃত্যু

বিএনপির ডাকা অবরোধের আগের রাতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পিকেটারের হামলায় আহত এক পুরোহিতের মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 03:07 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

নিহত অলক চক্রবর্তী (৩৫) সোমবার রাত ৮টার দিকে ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে হামলার শিকার হন। 

শাহরাস্তি থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, গুরুতর আহত অলককে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি হয়। রাতেই ঢাকায় নেওয়ার পথে মতলব ফেরিঘাটে তার মৃত্যু হয়।

নিহত অলকের বাড়ি শাহরাস্তির ফতেপুর ইউনিয়নের বড়–লিয়া এলাকায়। তিনি এলাকায় পূজা-অর্চনায় পুরোহিতের কাজ করতেন। পাশাপাশি ওষুধও বিক্রি করতেন।  

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অলক রাতে অটোরিকশায় করে শাহরাস্তি থেকে বাবুরহাট এলাকায় যাচ্ছিলেন। পথে পিকেটাররা তার অটোরিকশার দিকে ইট ছোড়ে।

এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাহনটি উল্টে যায় এবং অলক গুরুতর আহত হন।

তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।