২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মমতাকে আমন্ত্রণ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 11:20 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে ওই আমন্ত্রণের চিঠি সোমবার কলকাতায় বাংলাদেশ মিশন থেকে পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

“আমরা আশা করছি, তিনি আসবেন।”

তৃণমূল কংগ্রেসনেত্রীর এই সফরকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ মমতার বাধার কারণেই ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশে সফরের সময় দুদেশের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি সই হয়নি।

ওই সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত তার সঙ্গে আসেননি। এখন পর্যন্ত বহু প্রতীক্ষিত পানি বণ্টন চুক্তি ও স্থল সীমানা চুক্তি সই হয়নি।

বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় এসে প্রতিবেশীদের সঙ্গে উন্নত সম্পর্ক রক্ষার নীতি গ্রহণ করে ওই দুটি চুক্তির বিষয়ে জোর দেন।

গত নভেম্বরে কাঠমান্ডুতে সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের সঙ্গে ঝুলে থাকা বিষয়গুলোর মীমাংসার প্রতিশ্রুতি দেন মোদি।

পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোদির সফরের আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশে সফর করবেন বলে তার আশা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনে হচ্ছে তার (মমতা) সফরের বিষয়ে নিশ্চিত হয়েই মন্ত্রী আমন্ত্রণপত্র দিয়েছেন।