২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় গুদাম ও বসতবাড়ি ভস্মীভূত

ঢাকার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে একটি কার্টনের গুদাম ও তিনটি বসতবাড়ি পুড়ে গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 10:03 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে জামগড়া এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, রুহুল আমিনের বসতবাড়ির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

এরপর আগুন পার্শ্ববর্তী রিয়াজ উদ্দিন ও বকুল মীরের বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে আগুন পার্শ্ববর্তী কাঞ্চন মিয়ার কাগজের কার্টনে লেগে যায়।

খবর পেয়ে ডিইপিজেড, টঙ্গী, ধামরাই ও সাভার ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে কার্টনের গুদাম, রুহুল আমিনের বসতবাড়ির তিনটি, রিয়াজ উদ্দিনের বাড়ির সাতটি ও বকুল মীরের বাড়ির সাতটি কক্ষ ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কার্টনের গুদামে আগুনে পুড়ে যাওয়ায় কাঞ্চন মিয়া অসুস্থ্ হয়ে পড়েন।

গুদামে ৭০/৮০ লাখ টাকার মালামাল ছিল বলে জানান তিনি।