চলে গেলেন বিচারপতি মোস্তফা কামাল
বিচার বিভাগ পৃথক করতে ঐতিহাসিক ‘মাসদার হোসেন মামলা’র রায় লেখা বিচারক সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল আর নেই।
হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাত ৩টার দিকে রাজধানীর গুলশানে নিজের বাসায় মৃত্যু হয় অবসরপ্রাপ্ত এই বিচারপতির। তার বয়স হয়েছিল ৮১ বছর।
মোস্তফা কামালের মৃত্যুর খবর সকালে সুপ্রিম কোর্টে পৌঁছালে আপিল বিভাগের বিচারকরা তার প্রতি সম্মান জানিয়ে এজলাস থেকে নেমে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদ ও সুপ্রিম কোর্টে নামাজে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে মোস্তফা কামালকে দাফন করা হয়।
বাংলাদেশের প্রখ্যাত গায়ক আব্বাস উদ্দিনের ছেলে মোস্তফা কামাল তিন মেয়ে, পাঁচ নাতনী ও এক নাতি রেখে গেছেন। তার মেয়েদের মধ্যে নাশিদ কামাল সঙ্গীতশিল্পী।
মোস্তফা কামালের দুই ভাই-বোন মোস্তাফা জামান আব্বাসী ও ফেরদৌসী রহমান বাংলাদেশের সুপরিচিত সঙ্গীত শিল্পী।
পিতার উত্তরাধিকারে মোস্তফা কামালও ছিলেন সুকণ্ঠের অধিকারী। বেশ কিছু গানও তিনি রপ্ত করেছিলেন বলে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আমীর-উল ইসলাম জানিয়েছেন।
“কিছু কিছু গান আমাদের শোনার সৌভাগ্য হয়েছে। তিনি যদি শিল্পীও হতেন, তাও তিনি সুনাম কুড়াতেন।”
মোস্তফা কামাল ১৯৯৯ সালের ১জুন থেকে ২০০০ সালের ১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে তিনি হাই কোর্টে বিচারক হিসেবে কাজ শুরু করেন। ১৯৮৯ সালে তিনি আপিল বিভাগের নিয়োগ পান।
মোস্তফা কামালের জন্ম ১৯৩৫ সালে নীলফামারী জেলার ডোমার উপজেলায়। তাদের আদি নিবাস কুচবিহারে। সেখানেই তার স্কুলজীবন শুরু হয়। পরে কলকাতা ও ঢাকায় তিনি পড়াশোনা করেন।
১৯৪৮ সালে মেধা তালিকায় সপ্তম স্থান নিয়ে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন মোস্তফা কামাল। ১৯৫০ সালে মেধা তালিকায় পঞ্চম স্থান নিয়ে তিনি জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ১৯৫৩ সালে বিএ সম্মান ও ১৯৫৪ সালে এমএ ডিগ্রি নেন তিনি। পরে তিনি লন্ডন স্কুল অব ইকোনোমিক্স অ্যান্ড পলিটিকাল সাইন্স থেকে এমএসসি ডিগ্রি পান।
১৯৫৯ সালে লন্ডনের সোসাইটি অব লিঙ্কনস ইন থেকে বারে ডাক পান মোস্তফা কামাল। পরে তিনি ঢাকা হাই কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে কাজ করেন। তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল (অ্যাটর্নি জেনারেল) হিসাবেও দায়িত্ব পালন করেন।
মাসদার হোসেন মামলার আইনজীবী ব্যারিস্টার আমীর বলেন, “আমাদের সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের কীর্তিমান ছাত্র ছিলেন। ছাত্র-জীবনে তার অপার স্নেহ ও বন্ধুত্বপূর্ণ সহাস্য সম্ভাষণ পেয়েছি।
“তিনি ছিলেন উদার চিন্তার মানুষ। আইন জগত ও মাসদার হোসেন মামলার রায়ে তার যে অবদান, তাতে তিনি অমরত্ব লাভ করবেন।”
ব্যারিস্টার আমীরের দেখায় মোস্তফা কামালের ‘লেখনীশক্তি ও প্রতিভা’ ছিল অসাধারণ।
“মোস্তফা কামাল একটি সাংস্কৃতিক পরিবারে জন্ম নেন, যেখানে তার পিতা মরমী কবি আব্বাস উদ্দিন এখনো আমাদের অনুপ্রেরণা হয়ে আছেন।”
মোস্তাফা কামালের মৃত্যুতে শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার মৃত্যুতে বাঙলাদেশের বিচার অঙ্গনে একটি বর্ণাঢ্য অধ্যায়ের পরিসমাপ্তি হলো।
“দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারবিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার পক্ষে তার কণ্ঠ সবসময়ই ছিল সোচ্চার।”
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
