শৈলকুপায় মিছিলে লাঠিপেটা, গ্রেপ্তার ২
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির কালো পতাকা মিছিল পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে গাড়াগঞ্জ এলাকার ওই মিছিল থেকে দুইজনকে গ্রেপ্তারও করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শৈলকুপা থানার ওসি ছগির মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে বেআইনিভাবে মিছিলটি গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে আসে।
"এ সময় পুলিশ তাদের বাধা দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ছত্রভঙ্গ করে দুজনকে গ্রেপ্তার করা হয়।"
শৈলকুপা থানা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দীপু বলেন, পুলিশের লাঠি চার্জে তাদের পাঁচ কর্মী আহত হয়েছেন।
৫ জানুয়ারির নির্বাচনের এক বছর পূর্তির দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে দেশব্যাপি কালো পতাকা ও সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।
এদিকে বিএনপির এ কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কায় রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের
২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, নাশকতা সৃষ্টির আশংকায় এদের গ্রেপ্তার করা হয়েছে।
তাদের মধ্যে হরিণাকুণ্ডু উপজেলার ১৬ জন, শৈলকুপার চার জন, ঝিনাইদহ সদরের তিন জন ও মহেশপুর উপজেলার দুই জন রয়েছেন।
