স্ত্রীর ভাইকে ফাঁসাতে গিয়ে নিজেই শ্রীঘরে
বউয়ের সঙ্গে বনিবনা নেই বলে তার বড় ভাইকে ‘শায়েস্তা’ করার পরিকল্পনা করে উল্টো নিজেই ফেঁসে গেলেন ফরহাদ ইবনে নূর ওরফে রাজু নামে এক ব্যক্তি।
রোববার বিকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদণ্ড দিয়েছে।
পুলিশ বলছে, রাজু মাদক ব্যবসায়ী এবং ইয়াবা বিক্রেতা সাজিয়ে স্ত্রীর বড় ভাই ইব্রাহিমকে ফাঁসানোর চেষ্টা করেছিল।
দণ্ডিত রাজু নোয়াখালী জেলা শহরের মাইজদী এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের বাকলিয়া থানার সেকান্দর চেয়ারম্যান ঘাটা এলাকায় থাকেন।
“পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীর বড় ভাইকে ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে গ্রেপ্তারের পরিকল্পনা করেছিল রাজু।”
ইব্রাহিম জেনারেটরের কাজ করেন। তার দোকানে চারটি ইয়াবা বড়ি রেখে পুলিশে খবর দিয়েছিলেন রাজু।
এসআই মো. রাসেল ঘটনাস্থলে গিয়ে ইয়াবা উদ্ধারের পর খোঁজ নিতে গিয়ে তার সন্দেহ হয়। তখন রাজুকে গ্রেপ্তার করেন তিনি।
এরপর চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত রাজুকে মাদক বিক্রির জন্য তিন মাসের কারাদণ্ড দেয় বলে জানান পুলিশ কর্মকর্তা মহসিন।
