ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-ছাত্রদল সংঘর্ষ , আহত ২০
ব্রাহ্মণবাড়িয়া শহরে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
রোববার বিকালে শহরের টিএ রোডে এ সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, বিকাল ৫টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে প্রথমে বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে ছাত্রদলকর্মীরা মৌড়াইল রেল গেইটসহ বিভিন্নস্থানে অর্ধশত হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
এ সময় পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ নেতাকর্মীকে আটক করা হয়।
সন্ধ্যায় তিনি জানান, শহরের বিভিন্ন স্থানে ছাত্রদল কর্মীদের সঙ্গে থেমে থেমে সংঘর্ষ চলেছে। তবে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
