২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচল অর্ধশত যাত্রী

পিরোজপুরের কাউখালীতে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অর্ধশতাধিক যাত্রী।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 04:34 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

ঢাকা থেকে পিরোজপুরগামী এমভি রণদূত প্লাস নামের ওই লঞ্চটি রোববার সকালে কাউখালীর আমড়াজুড়ি এলাকা পার হওয়ার সময় ইঞ্জিন রুমে হঠাৎ আগুন লেগে যায়।

এ অবস্থায় লঞ্চের মাস্টার আমড়াজুড়ির চরে নৌযানটি নোঙর করতে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।

পরে কাউখালী ও পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই এলাকাবাসী লঞ্চের যাত্রীদের সরিয়ে আনে।

আগুন নেভানোর সময় মিরণ দাস নামের এক উদ্ধারকর্মী নাকে আঘাত পান। তাকে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লঞ্চের মাস্টার মো. সাইফুল ইলাম জানান, ইঞ্জিন গরম হয়ে পিস্টন ভেঙে গেলে মবিলে আগুন ধরে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করেন।

লঞ্চটি ঢাকা থেকে আনুমানিক সাড়ে তিনশ যাত্রী নিয়ে রওনা হলেও ঘাটে ঘাটে যাত্রী নামিয়ে আসায় দুর্ঘটনার আগে সেখানে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে লঞ্চের মাস্টার জানান।

কাউখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।