মিলাদুন্নবীর শোভাযাত্রায় সংঘর্ষ, আশুগঞ্জে বিজিবি মোতায়েন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের শোভাযাত্রার সময় তাবলিগ জামাতের সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
এ পরিস্থিতিতে রোববার দুপুর থেকে আশুগঞ্জে বিজিবি মোতায়েন করার কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন।
আশুগঞ্জ থানার ওসি আবু জাফর জানান, আহলে সুন্নাত ওয়াল জামাতের ‘জশনে জুলুছ’ এর শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান সড়কগুলো ঘুরে বেলা ১১টার দিকে পূর্ববাজার এলাকায় গেলে সেখানে তাবলিগ জামায়াতপন্থিদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় উভয় পক্ষের কয়েক হাজার লোক আশুগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে মুখোমুখী সংঘর্ষে জড়িয়ে পরে।
আশুগঞ্জ থানা পুলিশ, দাঙ্গা পুলিশ ও র্যাব সদস্যরা টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও শহরের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলতে থাকে।
টানা তিন ঘণ্টা ধরে এই বিশৃঙ্খলার কারণে আশুগঞ্জ বন্দরের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
বেলা আড়াইটার দিকে আশুগঞ্জ পূর্ব বাজারের তিনটি দোকান পুড়িয়ে দেওয়া হয়। বাজার থেকে চরচারতলা ও সোহাগপুর এলাকাতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোশাররফ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আশুগঞ্জে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষে দুইপক্ষের লোকজনের পাশাপাশি স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন। আহতদের জেলার সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
