চট্টগ্রামে স্বর্ণবার ছিনতাই, এসআইসহ ৬ জন গ্রেপ্তার
স্বর্ণে বার ছিনতাইয়ের অভিযোগে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের এক এসআইসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শনিবার বিকালে এসআই আবুল হোসেন ও স্টেশন এলাকার হকারনেতাসহ ওই ছয় জনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে এক ব্যক্তি অভিযোগ করেন নগরীর স্টেশন রোড এলাকায় তার কাছ থেকে ২৮টি স্বর্ণের বার ছিনতাই হয়েছে।
তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ছয় জনকে গ্রেপ্তার করা হয়।
এসব গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই হওয়া ২৮টি স্বর্ণবারের ২৩টি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার শাহ মো. আবদুর রউফ বলেন, হকারনেতা তারেকের পরিকল্পনায় এসব স্বর্ণ ছিনতাই করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন।
