বরকে অ্যাসিড নিক্ষেপ: গ্রেপ্তাদের রিমান্ড চায় পুলিশ
শরীয়তপুরের ভেদরগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
সখিপুর থানার ওসি তদন্ত এনামুল হক জানান, শনিবার দুপুরে তাদের শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত বিষয়টি নিয়ে আগামী ৫ জানুয়ারি শুনানির দিন ঠিক করেন।
গত ৩১ ডিসেম্বর গভীর রাতে ভেদরগঞ্জ উপজেলার সরকারকান্দি গ্রামে একটি হলুদ অনুষ্ঠানে বর সেলিম সরকারকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন বর সেলিমসহ পাঁচজন।
পরদিন এ ঘটনায় বরের বড় ভাই ইউনুস সরকার বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন সখিপুর থানায়।
শুক্রবার রাতে পুলিশ সাদ্দাম হোসেন (২২) ও তুহিন (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করে। সাদ্দাম ওই রাতে হলুদের অনুষ্ঠানে জেনারেটর অপারেটর এবং অন্যজন ভিডিও ক্যামেরা অপারেটর হিসেবে কাজ করেছিলেন।
