হামলার ছবি তোলায় সাংবাদিককে মারধর
পেশাগত কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের মারধরের শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক আসিফ মাহমুদ অভি।
শনিবার রাজধানীর পশ্চিম মনিপুরে হামলায় আহত অভিকে (২৬) পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তিনি মাথায়ও আঘাত পেয়েছেন।
সকালে ওই এলাকার বাইতুল আমান জামে মসজিদের সামনে এক ব্যক্তিকে এক দল যুবকের মারধরের সময় ছবি তুলতে গেলে হামলার শিকার হন অভি। তার বাসাও ওই এলাকাতেই।
অভি বলেন, “হট্টগোলের খবর পেয়ে বের হয়ে দেখি, কয়েকজন সন্ত্রাসী এক ছেলেকে মারধর এবং তার দোকান ভাংচুর করছে। আমি ছবি তুলতে গেলে হামলাকারীরা আমার ক্যামেরা কেড়ে নিয়ে ভাংচুর করে।”
ক্যামেরা ভাংচুরের পর ওই যুবকরা অভিকে বেধড়ক পেটায়। তা দেখে বাসা থেকে অভির মা হালিমা আক্তার ছেলেকে বাঁচাতে ছুটে এলে তিনিও হামলার শিকার হন।
খবর পেয়ে মিরপুর থানা থেকে পুলিশ সেখানে যায়। তবে তার আগেই সরে পড়ে ওই হামলাকারীরা।
মিরপুর থানার ওসি মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
