চট্টগ্রামে সড়কে এক বছরে প্রাণ গেছে পাঁচশর বেশি
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক বছরে মারা গেছেন পাঁচশর বেশি মানুষ, যাদের মধ্যে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪৫৪ জনের।
সংশ্লিষ্টরা বলছেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোই বেশিরভাগ হতাহতের কারণ।
শনিবার বেসরকারি সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বছর জুড়ে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে মারা গেছেন ৫০৪ জন, আহত হয়েছেন দুই হাজার ১৪৬ জন। এর মধ্যে দুর্ঘটনাস্থলেই ৪৫৪ জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৪৭ জন এবং চিকিৎসা শেষে বাড়ি ফিরে মারা যান ১৩ জন।
১২ মাসের মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে অগাস্টে, ৫৮ জনের প্রাণহানি ঘটে।
চট্টগ্রাম থেকে প্রকাশিত দুটি পত্রিকা এবং চারটি জাতীয় পত্রিকায় প্রকাশিত দুর্ঘটনার সংবাদ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড-মিরসরাই এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ-পটিয়া অংশে দুর্ঘটনা বেশি ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ঠিক না থাকা এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া গতির কারণে বেশি দুর্ঘটনা ঘটে।
তবে এ দুটি মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানির সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি মোজাম্মেল হক।
দুর্ঘটনা কমাতে প্রতিবেদনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারণ কাজ দ্রুত শেষ করা, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ডিভাইডার স্থাপন, ঝুঁকিপূর্ণ বাঁক সোজা করা, দ্রুত ও ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন চালু, মহাসড়কের হাট-বাজার উচ্ছেদ ও মহাসড়কে জেব্রাক্রসিং চালুর সুপারিশ করা হয়।
সড়ক দুর্ঘটনা রোধে দীর্ঘদিন ধরে আন্দোলনরত আরেক বেসরকারি সংস্থা নিরাপদ সড়ক চাই আন্দোলনের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমদ সাজীব বলেন, ইদানিং দুর্ঘটনার অন্যতম কারণ মোবাইল ফোনে চালকের কথা বলা।
“তবে বেপরোয়া গাড়ি চালনা হলো দুর্ঘটনার মূল কারণ। এজন্য প্রশাসনকে যেমন আইন প্রয়োগে উদ্যোগী হতে হবে তেমনি চালকদের শ্রম ঘণ্টা নির্ধারণ করে তা পালনে বাধ্য করতে হবে।”
প্রতিবেদনের তথ্য অনুসারে, গত বছরের জানুয়ারিতে ৪০টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও আহত হয় ১৩৪ জন। ফেব্রুয়ারিতে ২৮ দুর্ঘটনায় ১৩ জন নিহত ও আহত ৬৬ জন, মার্চ মাসে ২৭ দুর্ঘটনায় ১৯ জন নিহত ও আহত হয় ১৪২ জন।
এছাড়া এপ্রিল মাসে ৩৯টি দুর্ঘটনায় ৪১ জন নিহত ও আহত ১০৯ জন, মে মাসে ৪৬ দুর্ঘটনায় ৩৯ জন নিহত ও ১৫৮ জন আহত, জুন মাসে ৩৫ দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ১৯৪ জন আহত হয়।
এর বাইরে জুলাই মাসে ৪০টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২০৭ জন আহত, অগাস্টে ৫২টি দুর্ঘটনায় ৫৮ জন নিহত ও ২১৯ জন আহত এবং সেপ্টেম্বর মাসে ৬৪ দুর্ঘটনায় ৫২ জন নিহত ও ৩১৬ জন আহত হন।
বছরের শেষ অংশে অক্টোবর মাসে ৫২ দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ২৮৯ জন আহত হন।
নভেম্বর মাসে ৩৮ দুর্ঘটনায় ৪২ জন নিহত ও ১৫৪ জন আহত এবং ডিসেম্বর মাসে ৩৬ দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ১৫৮ জন আহত হন।
