২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে যুবলীগ নেতার রগ কর্তন

নাটোর শহরে পৌর যুবলীগের তিন নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাদের মধ্যে একজনের হাতের রগ কেটে ফেলা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 01:34 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

শুক্রবার রাতে শহরের ভবানিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে নাটোর সদর থানার ওসি ফরিদুল ইসলাম জানান।

আহত পৌর যুবলীগ সদস্য ইমন হোসেন (২৫) ও শফিকুল ইসলাম নাহিদকে (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ইমনের হাতের রট কেটেছে।

আহত অপরজন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নূর ইসলাম (২৮)। তিনি নাটোর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফরিদুল বলেন, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে শহরের ভবানিগঞ্জ এলাকায় স্থানীয় এক যুবলীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে বসে গল্প করছিলেন ওই তিনজন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ ওই কার্যালয়ে ঢুকে তাদের এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমন ও নাহিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, ইমনের বাঁ হাতের উপরের অংশে কব্জির রগ কেটে গেছে। অন্যদের হাতে ও পিঠে কোপ লেগেছে।

এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ না করলেও পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে বলে পুলিশ কর্মকর্তা ফরিদুল জানিয়েছেন।