২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাজুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায় বিরূপ মন্তব্য করায় তার আইনজীবী তাজুল ইসলামের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 10:28 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে ৪৯ পৃষ্ঠার লিখিত অভিযোগ জমা দেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুলের বক্তব্য তুলে ধরলে তথ্য-উপাত্তসহ এসব অভিযোগ লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।

এর আগে মঙ্গলবার আজহারের মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর তাজুল সাংবাদিকদের বলেন, “ট্রাইব্যুনালে প্রসিকিউশন যে সাক্ষ্য-প্রমাণ দিয়েছে সেটা গ্রহণ না করে ডাস্টবিনে ছুড়ে ফেলা হলেই সুবিচার হতো।

“এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ফাঁসিতো দূরের কথা প্রসিকিউশনের জরিমানা করা হলে ভালো হতো।’

আইনজীবী হিসেবে এমন মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বুধবার জেয়াদ আল মালুম বলেন, “ট্রাইব্যুনালের ভাবমূর্তি নষ্ট করতে অপবাদ ছড়াচ্ছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। জামায়াত-শিবিরের প্রপাগান্ডা ছড়াচ্ছেন তিনি।

“আমি মনে করি, তার এই বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াত-শিবিরের প্রপাগান্ডা ছড়িয়ে ট্রাইব্যুনালের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব ছড়ানো হচ্ছে।

“তাজুল এর আগেও দুবার ট্রাইব্যুনালকে অবমাননা করে ক্ষমা চেয়েছেন। তিনি বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছেন।”

এর আগে আদালতে আচরণ নিয়ে দুই ট্রাইব্যুনাল থেকেই তাজুল ইসলামকে সতর্ক করা হয়েছে। ট্রাইব্যুনাল-১ এ বেশ কিছুদিন তার প্রবেশ নিষিদ্ধও ছিল।