২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের ৩ সাংবাদিককে রিমান্ডে দেয়নি আদালত

সন্ত্রাস ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ফরিদপুরের তিন সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন নাকচ করেছে আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 08:18 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

আসামিপক্ষের আইনজীবী হামিদুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে তিন সাংবাদিককে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে বিচারক হামিদুল ইসলাম আবেদন না নাকচ করে এক সপ্তাহের মধ্যে পরবর্তী শুনানির জন্য দিন রাখেন।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দ্রুত বিচার আইনে দৈনিক নাগরিক বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বেলাল চৌধুরী এবং আগের দিন একই পত্রিকার নির্বাহী সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকী কামরুল গ্রেপ্তার  হন।

পরে ভাঙা হাইওয়ে এলাকায় রাস্তা আটকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে দ্রুত বিচার আইনে পুলিশের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তারা এখন কারাগারে রয়েছেন।

এর আগে ২৪ ডিসেম্বর দৈনিক সংগ্রামের ফরিদপুর প্রতিনিধি আশরাফুজ্জামান দুলালকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে চাঁদাবাজি মামলার আদালতে হাজির করলে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এদিকে, তিন সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন ফরিদপুরের সাংবাদিকরা।

কর্মসূচির মধ্যে রয়েছে ৩ জানুয়ারি মানববন্ধন, ৫ জানুয়ারি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং ৬ জানুয়ারি ফরিদপুর প্রেসক্লাবে জরুরি সাধারণ সভা।

পুরনো খবর:

ফরিদপুরের ২ সাংবাদিক কারাগারে