ফরিদপুরের ২ সাংবাদিক কারাগারে
সন্ত্রাসের মামলায় গ্রেপ্তার ফরিদপুরের দুই সাংবাদিককে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানার ওসি নাজমুল হাসান জানান, ভাঙা হাইওয়ে এলাকায় রাস্তা আটকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছে পুলিশ।
ওই মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, মঙ্গলবার সকালে দ্রুত বিচার আইনে দৈনিক নাগরিক বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বেলাল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সোমবার রাতে গ্রেপ্তার করা হয় একই পত্রিকার নিবার্হী সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকী কামরুলকে। কামরুল ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক।
বেলালের ছেলে সিফাত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে শহরের ঝিলটুলী এলাকায় তাদের বাড়ি থেকে সাদা পোশাকের পুলিশ তার বাবাকে ডেকে নিয়ে আটক করেছে।
ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচনের একদিন আগে পরিবহন নেতা কামরুলকে গ্রেপ্তারের প্রতিবাদে সেখানে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট করছে জেলা বাস মালিকরা।
ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন হবে বুধবার (৩১ ডিসেম্বর)।
এদিকে, দুই সাংবাদিক গ্রেপ্তারের বিষয়ে ফরিদপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ফরিদপুর শাখা, জেলা বাস মালিক গ্রুপ, সংবাদপত্র হকার্স সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এ বলেন, পুলিশের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় উদ্দেশ্যমূলকভাবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
