মেঘলা চট্টগ্রামে দেখা দেয়নি সূর্য
পুরনো বছরের শেষ দিনের মতো নতুন বছরের প্রথম দিনেও সূর্যের দেখা পায়নি চট্টগ্রামবাসী।
বৃহস্পতিবার সকাল থেকেই মেঘে ঢাকা ছিল বন্দর নগরীর আকাশ, ভোরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।
বুধবারও সারাদিন মেঘে ঢাকা ছিল আকাশ। দিনভর হালকা বৃষ্টি হয়। তাপমাত্রাও ছিল কম।
রোদ না থাকায় শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক আর ছিন্নমূল মানুষ।
পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মেঘের আনাগোনা ও এই বৃষ্টিপাত বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, বুধবার চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারও তা একই রয়েছে।
পতেঙ্গার সহকারী আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পশ্চিম মধ্য বঙ্গোসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মেঘমালার সৃষ্টি হয়েছে। একারণে বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাস কর্মকর্তা ফরিদ আহমদ বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় এক দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শীতের প্রকোপের সঙ্গে হরতালের কারণে বুধ ও বৃহস্পতিবার নগরীর রাজপথে মানুষের চলাচল ছিল কম। নিতান্ত প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হননি।
নগরীর বিভিন্ন সড়কের ফুটপাতে দিনের বেলাতেও আগুন জ্বেলে শীতার্ত মানুষকে উত্তাপ সৃষ্টির চেষ্টা করতেও দেখা গেছে।
