ব্যবসায়ীদের সুযোগ বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের পূর্ণ উদ্যোগে কাজ করার আহ্বান জানিয়ে এক্ষেত্রে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২০তম আয়োজনের উদ্বোধন করে তিনি এ আশ্বাস দেন।
বিগত পাঁচ বছরে বাংলাদেশের রপ্তানির গড় প্রবৃদ্ধির হার ১৪ দশমিক ৯০ শতাংশ থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এখানেই থামলে চলবে না; রপ্তানি আরো বৃদ্ধি করতে হবে।”
দেশীয় উদ্যোক্তাদের রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশ থেকে ১৯২টি দেশে পণ্য রপ্তানি হচ্ছে। আমাদের এক্সপোর্ট বাস্কেট বৃদ্ধি করতে হবে। নতুন নতুন বাজার ও নতুন পণ্য উৎপাদন করতে হবে”
চলতি অর্থবছরে ৩৩ দশমিক ২০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ লক্ষ্য অর্জনে সবাইকে ‘এক হয়ে কাজ করার’ আহ্বান জানান শেখ হাসিনা।
একইসঙ্গে ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ ও উদ্যোগ সৃষ্টির তাগাদা দিয়ে তিনি বলেন, “সকল সুযোগ-সুবিধা সৃষ্টি করে দিচ্ছে সরকার। তবে আপনাদের (ব্যবসায়ী) সক্রিয় অংশগ্রহণ চাই এবং আপনারা পূর্ণ উদ্যোগে কাজ করবেন- সেটা আমরা চাই।”
তার মতে, বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ব বাণিজ্য সংস্থা ‘অধিকতর উদারীকরণের মাধ্যমে’ যে সব কার্যক্রম হাতে নিয়েছে তাতে সম্ভাবনার পাশাপাশি নানা ধরনের চ্যালেঞ্জও সৃষ্টি হয়েছে।
উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পণ্যের মানোন্নয়ন ও বহুমূখীকরণের মাধ্যমে এগিয়ে যেতে হবে।”
এসময় শেখ হাসিনা তার সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ভৌত অবকাঠামোগত সুবিধা বাড়ানোর জন্য সড়ক, নৌ ও রেল তিন খাতেই গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার। বিদ্যুৎ উৎপাদনও বাড়ানো হচ্ছে।
তবে ব্যবসা-বাণিজ্যের জন্য শান্তিপূর্ণ পরিবেশ দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী।
“ব্যবসা-বাণিজ্য সকল কিছুর জন্য দরকার একটা শান্তিপূর্ণ পরিবেশ। ৫ জানুয়ারির নির্বাচনের পর আমরা পুনরায় ক্ষমতায় এসেছি। আজকে দেশের মানুষের মধ্যে আস্থা, আত্মবিশ্বাস ও স্বস্তি এসেছে,” বলেন তিনি।
বর্তমানে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বস্তির পরিবেশ রয়েছে মন্তব্য করে আগামীতে অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান তিনি।
দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২৪ শতাংশে নেমে আসার কথা তুলে ধরে এই হার আরো ১০ শতাংশ কমানোর লক্ষ্যের কথা বলেন বাংলাদেশের সরকার প্রধান।
শেখ হাসিনা বলেন, বর্তমানে বিদেশি মুদ্রার রিজার্ভ ২২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যা দিয়ে সাত মাসের পণ্য আমদানির খরচ মেটানো যাবে। সরকারের স্বর্ণের মজুদও বৃদ্ধি পেয়েছে।
“বর্তমানে অর্থনীতিতে যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটিই প্রমাণ করে আমাদের অর্থনীতি শক্তিশালী হচ্ছে।”
মূল্যস্ফীতি সহনীয় থাকায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল নিম্ন ও মধ্য আয়ের মানুষের কাছে পৌঁছেছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও উপস্থিত ছিলেন।
