বিমান কর্মচারী ও রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের
এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের সোনা চোরাচালানে সহযোগিতার অভিযোগে বিমানের দুই কর্মচারী ও রাজস্ব বিভাগের এক কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা করেছে দুদক।
বুধবার রাত সাড়ে সাতটায় বন্দর নগরীর পতেঙ্গা থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এম এইচ রহমতউল্লাহ।
দুদক চট্টগ্রামের পরিচালক মো. আজিজ ভুঁইয়া থানায় মামলা করার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন- মোমেন মোকসেদ, মো. আনিসুর রহমান, কে এম নুরুদ্দিন ও মোহাম্মদ আলা উদ্দিন চৌধুরী।
আসামিদের মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরের স্টেনো টাইপিস্ট মোমেন মোকসেদ ঘটনার সময় বিমানবন্দর ব্যবস্থাপকের পিএ পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বরিশাল বিমানবন্দরে কর্মরত আছেন।
এছাড়া মো. আনিসুর রহমান চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা। কে এম নুরুদ্দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার।
অন্য আসামি আলা উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা, যিনি বিদেশ থেকে মামলায় উল্লেখিত ২৫০ তোলা ওজনের ২৫টি স্বর্ণের বার নিয়ে এসেছিলেন।
পতেঙ্গা থানার ওসি মো. শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বর্ণ চোরাচালানে সহযোগিতার অভিযোগে দণ্ডবিধির ২১৮ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
মামলায় বলা হয়, আসামিরা সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার ও পারষ্পরিক যোগসাজশে ২৫টি স্বর্ণের বার চোরাচালানে সহযোগিতা করে এবং মিথ্যা জব্দ তালিকা করে এক জনকে অবৈধভাবে ছেড়ে দেয়।
মামলায় উল্লেখ করা হয়, আসামি আলা উদ্দিন গত বছরের ১ নভেম্বর এয়ার অ্যারাবিয়ার একটি বিমানে দুটি ব্যাগ নিয়ে আসেন। ব্যাগ দুটি তিনি বিমান বন্দরে ফেলে রেখে যান।
পরদিন ২০১৩ সালের ২ নভেম্বর ২৬ বছর বয়সী এক যুবক বেলা ১২টার দিকে বিমান বন্দরের ‘হারানো ও প্রাপ্তি’ শাখায় গিয়ে ব্যাগের মালিকানা দাবি করেন। কিন্তু প্রকৃত মালিক ছাড়া অন্য কাউকে ব্যাগ দেয়া যাবে না জানিয়ে প্রহরীরা তাকে প্রবেশে বাধা দেয়।
এসময় আসামি মোমেন মোকসেদ ওই যুবককে ‘নিজের লোক’ পরিচয় দিয়ে বিমান বন্দরের ‘হারানো ও প্রাপ্তি’ শাখায় নিয়ে যায়।
ওই শাখায় থাকা বিমানের ট্রাফিক হেলপার আসামি কে এম নুরুদ্দিন সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমতি ও বৈধ কাগজ ছাড়াই ওই যুবককে ব্যাগ দুটি হস্তান্তর করে।
এসময় বিমান বন্দরের সেসময়ের সিকিউরিটি সুপারভাইজার আইনুল হকের সন্দেহ হওয়ায় তিনি ব্যাগ দুটি স্ক্যান করতে বলেন। তখন একটি ট্রলি ব্যাগের ভেতর কার্বন পেপারে মোড়ানো ২৫টি স্বর্ণের বার সনাক্ত হয়।
এরপর আইনুল হক বিমানবন্দরের ব্যবস্থাপকসহ অন্য সংস্থার কর্মকর্তাদের স্বর্ণ উদ্ধারের বিষয়টি জানান। তখন আসামি মোমেন মোকসেদ ঘটনাস্থল থেকে চলে যান।
ব্যাগ নিতে আসা যুবকটি তখন নিজেকে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার শহীদ রুহুল আমিন নগর গ্রামের বেলাল হোসেনের ছেলে ফরহাদ হোসেন বলে পরিচয় দেন।
মামলায় বলা হয়, বিমান ও অন্য সংস্থার কর্মকর্তাদের অনুসন্ধানে ব্যস্ততার ফাঁকে বিমানবন্দরে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আনিসুর রহমান আটক ফরহাদ হোসেন ও চোরাই স্বর্ণসহ বিমানবন্দর ত্যাগ করেন।
রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমান আটক ফরহাদকে ছেড়ে দেয় এবং উদ্ধার স্বর্ণ স্ক্যানের সময় পাওয়া যায় বলে জব্দ তালিকায় উল্লেখ করলেও আসামি আলা উদ্দিনের বিষয়টি এড়িয়ে যান।
মামলায় বলা হয়, আনিসুর রহমান অবৈধভাবে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করে ফরহাদ হোসেনকে ছেড়ে দেন।
এ ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাপ্তরিক নির্দেশে শাহ আমানত বিমানবন্দরের স্টেশন এয়ার ট্রাফিক অফিসার আবদুল্লাহ আল ফারুক ও অ্যারোড্রাম অফিসার আবু মো. ওমর শরীফ এ ঘটনার তদন্ত করেন।
ওই অনুসন্ধান শেষে দেয়া প্রতিবেদনে, ফরহাদ আসামি মোমেন মোকসেদের সহযোগিতায় বিমানবন্দরে প্রবেশ করেছিল বলে প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়।
