২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন নেতা কলিম-মহসিন

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি পদে কলিম সরওয়ার ও  সাধারণ সম্পাদক পদে মহসিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 10:08 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

বুধবার রাত ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভোটের ফলাফল নিশ্চিত করেন এবারের প্রধান নির্বাচন কমিশনার ওমর কায়সার।

সভাপতি পদে  ৮৫ ভোট পেয়ে নির্বাচিত দৈনিক পূর্বকোণের বার্তা সম্পাদক কলিম সরওয়ারের নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান জসিম চৌধুরী সবুজ পেয়েছেন ৪১ ভোট।

সাধারণ সম্পাদক পদে জ্যেষ্ঠ প্রতিবেদক মহসিন চৌধুরী ৯৪ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজাদীর জ্যেষ্ঠ প্রতিবেদক শুকলাল দাশ পেয়েছেন ৬৩ ভোট।

প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশের ব্যুরো প্রধান কাজী আবুল মনসুর। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সালাউদ্দিন মো. রেজা।

যুগ্ম সম্পাদক পদে সর্বোচ্চ ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান ফরিদ উদ্দিন চৌধুরী  (চৌধুরী ফরিদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম পেয়েছেন ৩৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের তাপস বড়ুয়া রুমু। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক শহীদুল্লাহ শাহারিয়ার ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির গোলাম মাওলা মুরাদ।

সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের আইয়ুব আলী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দেশ টিভির আলমগীর সবুজ।

গ্রন্থাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণের শওকত ওসমান।

পাশাপাশি প্রেস ক্লাবের চারটি নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান ফারুক ইকবাল, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, দৈনিক জনকণ্ঠের ব্যুরো প্রধান মোয়াজ্জেমুল হক ও শহীদুল আলম।

এবারের নির্বাচনে ১৫টি পদে মোট ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।