২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আ. লীগ-শিবির সংঘর্ষ

নাটোরের বড়াইগ্রামে হরতাল নিয়ে বিতর্কের জের ধরে আওয়ামী লীগ ও শিবির সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১১ জন আহত হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 09:07 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

বুধবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকোল বাজারে এ সংঘর্ষে আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লক্ষ্মীকোল বাজারে শিবির সমর্থকদের সঙ্গে হরতাল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের কথা কাটাকাটি হয়।  

এক পর্যায়ে শিবির কর্মীরা বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (৩৭) ও কর্মী আনোয়ারুল ইসলামকে  (৩২) হাঁসুয়া দিয়ে কোপায়।

খবর পেয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হকের নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বাজারের উপজেলা জামায়াতে  অফিসে ভাংচুর করে।

এ সময় উপজেলা শিবির সেক্রেটারি জোবায়ের হোসেন (২৩) বড়াইগ্রাম ডিগ্রি কলেজ শিবির সভাপতি ফিরোজ হোসেন (২২), বড়াইগ্রাম ইউনিয়ন শিবিরের সভাপতি লালন হোসেন (২৩) ও জামায়াতকর্মী আলতাফ হোসেনসহ আটজনকে লাঠিপেটা করে।

সংঘর্ষ থামাতে গিয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান আলী আহত হন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।