নতুন আইজিপির গুরুত্ব চার বিষয়ে
নতুন পুলিশ প্রধান (আইজিপি) হিসেবে দায়িত্ব পাওয়ার পর চারটি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন এ কে এম শহীদুল হক।
বুধবার বিকালে পুলিশ সদরদপ্তরের সভাকক্ষে আইজিপির দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি বলেন, “আমি চারটি দিককে গুরুত্ব দিয়ে কাজ শুরু করবো। আর তা হল জনস্বার্থ, জননিরাপত্তা, জনশৃংখলা ও জনস্বাস্থ্য।”
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হককে পুলিশ প্রধানের দায়িত্ব দেওয়া হয়। আর র্যারব প্রধানের দায়িত্ব পান ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
পুলিশ মহাপরিদর্শক পদে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালনকারী হাসান মাহমুদ খন্দকার অবসরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হন ঢাকার সাবেক পুলিশ কমিশনার শহীদুল হক।
নতুন আইজিপির কাছে ‘চ্যালেঞ্জ’ সম্পর্কে জানাতে চাইলে তিনি বলেন, “জননিরাপত্তার অন্তরায় হল সন্ত্রাস ও জঙ্গিবাদ। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদকে চ্যালেঞ্জ হিসেবে আমরা (পুলিশ) গ্রহণ করেছি।”
তিনি বলেন, “কমিশনার থাকার সময়ে আপনারা আমাদের সহযোগিতা করেছেন। আশা করছি আগামীতেও অতীতের মতো সহযোগিতা করবেন।
“আমি জনগণ, প্রশাসনের যতগুলো যন্ত্র রয়েছে তাদের সকলের সহযোগিতা চাই। দোয়া চাই। সরকার প্রধানের ওপর আমার অনেক শ্রদ্ধা, তিনি আমাকে জনস্বার্থের যে দায়িত্ব দিয়েছেন, তা যেন পালন করতে পারি।”
পুলিশের কোন সদস্যের ব্যক্তিগত অপরাধ বাহিনী কাঁধে নিবে না হুঁশিয়ারি উচ্চারণ করেন আইজিপি।
পুলিশের মহাপরিদর্শক বলেন, “কোন পুলিশ সদস্য অন্যায় করলে অতীতের মতো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গণমুখী পুলিশ ব্যবস্থা চাই। এতে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমবে।”
আর গণমুখী পুলিশ ব্যবস্থায় কমিউনিটি পুলিশ ব্যবস্থার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন শহীদুল।
সাংবাদিকদের সাথে মতবিনিময়ের পর নিজ কক্ষে গিয়ে একটি কেক কাটেন তিনি, যার ওপর তার প্রতিকৃতি ছিল।
এসময় অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ, অতিরিক্ত কমিশনার মারুফ হাসান, যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, রেলওয়ের পুলিশ ডিআইজ মল্লিক মো. ফখরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা নতুন আইজিপিকে শুভেচ্ছা জানান।
