২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক থাকলে কিছুই বাধা হবে না: আইজিপি

বাংলাদেশ পুলিশের নেতৃত্ব বুঝে নিয়ে সহকর্মীদের একতাবদ্ধ থেকে দেশের জন্য কাজ করতে বললেন নতুন মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 05:42 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

পুরনো খবর:

র‌্যাব থেকে মোখলেসুরের বিদায়

তার হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাংলাদেশে সবচেয়ে দীর্ঘ সময় আইজিপির দায়িত্ব পালন করা হাসান মাহমুদ খন্দকার তার সময়ের ‘সব অর্জনের’ কৃতিত্ব দিয়েছেন পুলিশ বাহিনীর সদস্যদের।

বুধবার ঢাকায় পুলিশ সদরদপ্তরে দায়িত্ব হস্তান্তরের পর হাসান মাহমুদ খন্দকারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। রীতি অনুযায়ী বিদায়ী সালাম জানানোর পর পুলিশ সদস্যরা সাবেক পুলিশ প্রধানের গাড়িতে দড়ি বেঁধে টেনে নিয়ে যান সদরদপ্তরের ফটক পর্যন্ত।     

সরকার মঙ্গলবার পুলিশের শীর্ষ পদে রদবদলের এই আদেশ জারি করে, যাতে অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হককে দেওয়া হয় পুলিশ প্রধানের দায়িত্ব। আর র‌্যাব প্রধানের দায়িত্ব পেয়েছেন বেনজীর আহমেদ, যিনি ঢাকার পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন।

ঢাকার পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব পেয়েছেন পুলিশের প্রধান ডিআইজি আছাদুজ্জামান মিয়া।আর র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মোখলেসুর রহমান যাচ্ছেন অবসরে। 

Image
ছবি: লিটন হায়দার

ছবি: লিটন হায়দার

আইজিপির কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন পুলিশ প্রধানের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে হাসান মাহমুদ বলেন, “যা কিছু অর্জন- তা সব তোমাদের। বাকি যা থাকল তা নতুন নেতৃত্ব এগিয়ে নেবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন না পেলে পুলিশের গত কয়েক বছরের সাফল্য সম্ভব হতো না বলেও মন্তব্য করেন ২০১০ সালের ৩১ অগাস্ট থেকে এই বাহিনীকে নেতৃত্ব দিয়ে আসা হাসান মাহমুদ।

তিনি বলেন, “উনার (প্রধানমন্ত্রী) ব্যক্তিগত আন্তরিকতা আমাদের উৎসাহ যুগিয়েছে।”

নতুন আইজিপি শহীদুল হক সহকর্মীদের উদ্দেশে বলেন, “পেশাকে ভালবাসতে হবে। এক হয়ে কাজ করতে হবে।”

আর পুলিশের দায়িত্ব যে জনগণের সেবা- সে কথা মনে করিয়ে দিয়ে পুলিশ কর্মকর্তাদের তিনি বলেন, “একসঙ্গে কাজ করলে কোনো কিছুই বাধা হতে পারে না।”

Image
ছবি: লিটন হায়দার

ছবি: লিটন হায়দার

দায়িত্ব হস্তান্তর ও ‘বিদায়ী বরণ ফ্যান ফেয়ার’ এর পর দীর্ঘদিনের কর্মস্থলে শেষবারের মতো সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন হাসান মাহমুদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী হাসান মাহমুদ ১৯৮২ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৪ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন।

কৃতিত্বের স্বীকৃতি হিসেবে হাসান মাহমুদ খন্দকার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম), প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) ও ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) পদক পেয়েছেন।

হাসান মাহমুদের সময়েই পুলিশ বাহিনী রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পদক’ পেয়েছে। পুলিশ প্রধানের র‌্যাংকব্যাজ ২৭ বছর পর ফিরিয়ে দেওয়া হয়। এখন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার থ্রি স্টার জেনারেলের মর্যাদা পাচ্ছেন আইজিপি।

পুলিশ মহা পরিদর্শকের দায়িত্ব পাওয়া আগে তিনি র‌্যাবের মহাপরিচালক পদেও ছিলেন।

নতুন আইজিপি শহীদুল হক লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগে। ১৯৮৪ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসা এই পুলিশ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএও করেছেন।

চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালনের পর ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে এসেছিলেন তিনি। সর্বশেষ অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হিসেবে কাজ করছিলেন তিনি।