২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব থেকে মোখলেসুরের বিদায়

চার বছরের বেশি সময় র‌্যাব প্রধানের দায়িত্ব পালন শেষে এই বাহিনী থেকে বিদায় নিলেন মোখলেসুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 06:49 PM

Updated : 25 Apr 2022, 05:10 PM

মহাপরিচালককে বিদায় জানাতে বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাব সদরদপ্তরে মঞ্চ তৈরি করা হয়। ফুল দিয়ে তাকে বিদায় জানান সাবেক সহকর্মীরা।

এ সময় তিনি বলেন, “মানবাধিকার সুরক্ষিত রাখতে র‌্যাব দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছে। তারা অত্যন্ত দায়িত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে চলেছে। নিজেদের কাজ দিয়ে তারা জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।”

প্রযুক্তিগত দিক থেকে র‌্যাব অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এরপরেও এ বাহিনীকে আরো প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন বিদায়ী মহাপরিচালক।

নারায়ণগঞ্জের সাত খুন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “র‌্যাব এ খুনের ঘটনায় কাউকে দায়মুক্তি দেয়নি। যাদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ফুল সজ্জিত একটি খোলা জিপে দাঁড়িয়ে অবস্থান নেন মোখলেসুর রহমান।

রীতি অনুযায়ী বিদায়ী সালাম জানানোর পর র‌্যাব সদস্যরা সাবেক র‌্যাব প্রধানের গাড়িতে দড়ি বেঁধে টেনে নিয়ে যান সদরদপ্তরের ফটক পর্যন্ত।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান, উপ পরিচালক রুম্মন মাহমুদসহ বিভিন্ন ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা দড়ি টেনে নেন। এসময় দুই সারিতে দাঁড়িয়ে থাকা র‌্যাব সদস্যরা তার উদ্দেশ্যে ফুল ছোড়েন।

এ সময় অন্যদের মধ্যে র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ, র‌্যাব-১ এর সিও তুহিন মোহাম্মদ মাসুদ, র‌্যাব-২ এর সিও এস এম মাসুদ রানা, র‌্যাব-৪ এর সিও মোহাম্মদ সাহাবউদ্দিন, সদর দপ্তরের সহকারী পরিচালক মাকসুদুল আলম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সরকার মঙ্গলবার পুলিশের শীর্ষ পদে রদবদলের আদেশ জারি করে, যাতে অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হককে দেওয়া হয় পুলিশ প্রধানের দায়িত্ব। আর র‌্যাব প্রধানের দায়িত্ব পেয়েছেন বেনজীর আহমেদ, যিনি ঢাকার পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন।

২০১০ সালের ২ সেপ্টেম্বর থেকে র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মোখলেসুর রহমান অবসরে যাচ্ছেন।