২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গাড়ি ভাংচুর, বোমা বিস্ফোরণ

যুদ্ধাপরাধী আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সিলেট নগরীতে ছাত্রশিবির কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 05:31 PM

Updated : 22 Aug 2022, 08:12 PM

এছাড়া সিলেট-সুনামগঞ্জ সড়কে জালালাবাদ এলাকায় অটোরিকশা ও বাস ভাংচুর করে হরতাল সর্থকরা।

বুধবার এসব ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, বেলা ১২টার দিকে হরতালের সমর্থনে জিতু মিয়ার পয়েন্ট এলাকায় ঝটিকা মিছিল থেকে সড়ক অবরোধের চেষ্টা করে শিবিরের নেতাকর্মীরা।

এ সময় ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে তারা।

পুলিশও অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পালানোর সময় শিবির নেতাকর্মীরা বেশ কয়েকটি হাতবোমা ফাটায়।

এ সময় ঘটনাস্থল থেকে আশরাফ আহমদ ও নূরুল ইসলাম নামে দুজনকে আটক করা হয় বলে তিনি জানান।

এদিকে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কে জালালাবাদ থানাধীন জাঙ্গাইলের ধনপুর এলাকায় তিনটি অটোরিকশা ও একটি বাস ভাংচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা।

এ ঘটনায় জড়িত সন্দেহে ধনপুর গ্রামের অভিযান চালিয়ে জামায়াত শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়।

আটকরা হলেন ধনপুর গ্রামের বাসিন্দা খলিল আহমদ, তার ছেলে জাবেদ আহমদ ও মনির আহমদ এবং ওই গ্রামের কুদ্দুস মিয়া ও সাদ্দাম হোসেন।

এছাড়া সকাল সাড়ে ৯টায় দক্ষিণ সুরমার চণ্ডিপুর এলাকায় ঝটিকা মিছিল করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টা করে জামায়াত-শিবির কর্মীরা। পরে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে বুধবার ও নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।