হরতালের সকালে ঢাকায় লরিতে আগুন
যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতায় বছরের শেষ দিন জামায়াতের হরতালে ঢাকার গেণ্ডারিয়ায় একটি লরিতে আগুন দেওয়া হয়েছে।
বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতালের প্রথম দুই ঘণ্টায় গেণ্ডারিয়ার ঘটনাটি ছাড়া রাজধানীর কোথাও জামায়াতকর্মীদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
হরতালের সকালে ঢাকার রাস্তায় ব্যক্তিগত গাড়ি খুব একটা দেখা যায়নি। তবে গণপরিবহন, অটোরিকশা ও রিকশা চলতে দেখা গেছে বিভিন্ন সড়কে।
বাস মালিকরা নিরাপত্তার কারণে দূরপাল্লার বাস বন্ধ রেখেছেন। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে বিকাল ৫ পর্যন্ত এই হরতাল চলবে। নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবারও একই কর্মসূচি দিয়েছে দলটি।
বুধবার সকালে হরতাল শুরুর পর পৌনে ৭টার দিকে গেণ্ডারিয়ায় রেলের ঘুণ্টিঘরের সামনে একদল যুবক ঢিল ছুড়ে একটি লরি আটতে তাতে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর ব্রজেন কুমার সরকার জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
রাজধানীর বংশাল, যাত্রাবাড়ী, কতোয়ালি, শাহবাগ ও আদাবর থানা পুলিশ বলেছে, এসব এলাকায় সকাল থেকে হরতালের সমর্থনে কোনো মিছিল তারা দেখেননি।
হরতালে বিশৃঙ্খলা ঠেকাতে ভোর থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোয় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায় এলে এই হরতালের ঘোষণা দেয় দলটি।
জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে বলেন, “আদালত সরকারের দায়ের করা মিথ্যা মামলায়, সাজানো সাক্ষীর ভিত্তিতে আজ তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে রায় ঘোষণা করেছেন তা একটি ন্যায়ভ্রষ্ট রায়। এ রায়ে জনাব এটিএম আজহারুল ইসলাম ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।”
হরতাল ডাকার পর রাতে গাজীপুরের বাইপাস ও চান্দনা-চৌরাস্তা এলাকায় দুটি যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়া হয়।
পুলিশ ক্যাম্পের এসআই মো. মোবারক হোসেন জানান, রাত পৌনে ১০টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর থেকে ঢাকাগামী ভিআইপি-২৭ পরিবহনের একটি চলন্ত বাসে যাত্রীবেশে থাকা হরতাল সমর্থকরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়ন স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে চান্দনা-চৌরাস্তা এলাকায় বলাকা পরিবহনের একটি বাসে একইভাবে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
