২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হরতালের আগে গাজীপুরে ২ বাসে আগুন

যুদ্ধাপরাধে দলের নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের পর জামায়াতে ইসলামীর ডাকা দুদিনের হরতালের আগে গাজীপুরে দুটি যাত্রীবাহী বাস পুড়িয়ে দিয়েছে হরতাল সমর্থকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 12:18 AM

Updated : 13 Oct 2022, 12:58 PM

পুরনো খবর:

বছর শেষ ও শুরুর দিন জামায়াতের হরতাল

মঙ্গলবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস ও চান্দনা-চৌরাস্তা এলাকায় এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ১০টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর থেকে ঢাকাগামী ভিআইপি-২৭ পরিবহনের একটি চলন্ত বাসে যাত্রীবেশে থাকা হরতাল সমর্থকরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়ন স্টেশন অফিসার মো. শাহিন আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে চান্দনা-চৌরাস্তা এলাকায় বলাকা পরিবহনের একটি বাসে একইভাবে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি বলেন, গাজীপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে দুটি বাসের আগুন নেভান। এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।”

আগুনে দুটির বাসের আসনসহ ভেতরের অধিকাংশই পুড়ে গেছে বলে জানান তিনি।

মঙ্গলবার ট্রাইব্যুনালে আজহারের যুদ্ধাপরাধ মামলার রায়ে ফাঁসির আদেশ আসার পর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে এই হরতালের ঘোষণা দেন।

বছরের শেষদিন বুধবার সকাল ৬টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এবং নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার একই সময় পর্যন্ত তাদের এই হরতাল চলবে।