২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালেও হবে পাঠ্যপুস্তক উৎসব

জামায়াতে ইসলামী হরতাল ডাকলেও বছরের প্রথম দিন সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 09:55 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

পুরনো খবর:

ইচ্ছা থাকলে সম্ভব: প্রধানমন্ত্রী

যুদ্ধাপরাধের দায়ে এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় জামায়াত হরতাল ডাকার পর মঙ্গলবার বিকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান।

দলের সহকারী সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে রায়ের প্রতিক্রিয়ায় ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি হরতাল ডেকেছে জামায়াত।  

হরতাল ডাকায় ক্ষোভ জানিয়ে শিক্ষামন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত সাত বছর ধরে বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক উৎসব পালন করা হলেও ওই দিন দিন হরতালের ঘোষণায় আমরা চরম ক্ষুব্ধ।

“উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়েই সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব হবে। ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবেও এই উৎসব উদযাপন করা হবে।”

মঙ্গলবার গণভবনে শিশুদের হাতে বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১ জানুয়ারি ঢাকায় কেন্দ্রীয়ভাবে এই উৎসব উদযাপন করবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করেন

নাহিদ বলেন, স্বাধীনতাবিরোধী চক্রের সব অপতৎপরতা ও বাধা উপেক্ষা করে সব শিশুর কাছে বিনামূল্যে বই পৌঁছানো হবে। বছর শুরুর দিনে শিক্ষার্থীদের এই আনন্দ কাউকে নস্যাৎ করতে দেওয়া হবে না।

পাঠ্যপুস্তক উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এই উৎসবে যোগ দেওয়ারও আহ্বান জানান নাহিদ।

২০১৫ শিক্ষাবর্ষের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক শ্রেণির চার কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর হাতে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার বই বিনামূল্যে তুলে দেবে সরকার।

ইতোমধ্যেই বিনামূল্যে বিতরণের শতভাগ বই উপজেলায় পৌঁছানো হয়েছে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।