রাবিতে দর্শনের বইয়ের মোড়ক উন্মোচন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দর্শন বিভাগের প্রয়াত অধ্যাপক রমেন্দ্রনাথ ঘোষের দুটি সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার সিনেট ভবনে মোড়ক উন্মোচন করেন তার সহধর্মিনী ছন্দা ঘোষ ও অধ্যাপক সনৎ কুমার সাহা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অধ্যাপক হাসান আজিজুল হক বলেন, রমেন্দ্রনাথ একজন জ্ঞানপিপাসু ছিলেন, যাকে যেখানে পেতেন সেখানে তাকে কিছু দেওয়ার চেষ্টা করতেন। তার কাছে কোনো পাত্র-পাত্রী ভেদাভেদ ছিল না।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মো. আক্তার আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
এছাড়া আলোচনায় অংশ নেন অধ্যাপক সনৎ কুমার সাহা, অধ্যাপক এম সাইদুর রহমান খান, অধ্যাপক চৌধুরী জুলফিকার মতিন, অধ্যাপক স্বরোচিষ সরকার প্রমুখ।
ছন্দা ঘোষ জানান, অধ্যাপক হাসান আজিজুল হক ও অধ্যাপক মহেন্দ্রনাথ অধিকারী সম্পাদিত গ্রন্থ দুটির বাংলা খণ্ডে দর্শন, নৈতিকতা, সমাজ ও সংস্কৃতি বিষয়ে ২৫টি এবং ইংরেজি খণ্ডে ২৩টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
