২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল অ্যাপসে সমাপনীর ফল

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল মোবাইলের অ্যাপস থেকেও জানতে পারবেন শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 07:04 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

ইতোমধ্যে এটি যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করা যাচ্ছে, যা তৈরি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার প্রকাশিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা তাদের সমাপনীর ফল এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জ্যেষ্ঠ সিস্টেম এনালিস্ট অনুজ কুমার রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, যে কোনো অ্যানড্রয়েড মোবাইল থেকে (https://play.google.com/store/apps/details?id=com.coderainbd.primaryterminalresult) অ্যাপসের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সোমবার রাতে অ্যাপস তৈরির কাজ শেষ করেছে জানিয়ে অনুজ বলেন, হাতে একেবারে কম সময় থাকায় এই অ্যাপস নিয়ে প্রচারের সুযোগ পাওয়া যায়নি।

“প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে বৃত্তিপ্রাপ্তদের তালিকাও এই অ্যাপসের মাধ্যমে জানা যাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত সব ধরনের পরীক্ষার ফলও একই অ্যাপসে দেখা যাবে।”

মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক ও প্রাথমিক সমাপনীতে ৯৭ দশমিক ৯২ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন। আর ইবতেদায়ীতে পুর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৫৪১ জন।

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল প্রকাশের পর অধিদপ্তরের (www.dpe.gov.bd) ওয়েবসাইট ব্রাউজ করতে ভোগান্তিতে পড়েন ফল প্রত্যাশীরা।

এই অভিযোগ স্বীকার করেই অনুজ জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এটুআই প্রকল্পের কাছে তাদের ওয়েবসাইটের ডোমেইন।

“তারা আমাদের পর্যপ্ত ব্যান্ডউইথ দিতে না পারায় এই সমস্যা হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের সমস্যা যেন না হয় তা দেখা হবে।”

গত কয়েক বছর ধরে প্রাথমিক সমাপনীর পাশাপাশি সব ধরনের পাবলিক পরীক্ষার ফল মোবাইল থেকে এসএমএস করেও জানা যায়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও ওয়েবসাইট ও মোবাইলের মাধ্যমে ফল প্রকাশ করে একে ‘পেপারলেস রেজাল্ট’ অ্যাখ্যা দিয়েছেন।