আপিল করবেন আজহার
একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সুবিচার পাননি মন্তব্য করে আপিল করার কথা জানিয়েছেন তার আইনজীবী।
বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ মামলার রায়ে আজহারের মৃত্যুদণ্ড ঘেষণা করে।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজহারের আইনজীবী তাজুল ইসলাম বলেন, “প্রসিকিউশন যে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছে সেই সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ড না দিয়ে সেই সাক্ষ্যপ্রমাণ ডাস্টবিনে ছুড়ে ফেললে সুবিচার হতো।”
আপিল করার কথা জানিয়ে এই আইনজীবী বলেন, “তার (আজহার) সাথে কথা হয়েছে, তিনি মৃত্যুদণ্ডে ভীত নন। আপিল করবেন বলে জানিয়েছেন।”
প্রসিকিউশনের আনা ছয় অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই জামায়াত নেতার সর্বোচ্চ সাজার আদেশ দিয়েছে। এর মধ্যে গণহত্যা ও ধর্ষণের অভিযোগও রয়েছে।
আজহারুল ইসলাম একাত্তরে ছিলেন ইসলামী ছাত্র সংঘের জেলা কমিটির সভাপতি। সে সময় তার নেতৃত্বেই যে বৃহত্তর রংপুর এলাকায় আলবদর বাহিনী যুদ্ধাপরাধ ঘটায় বলে রায়ে উঠে এসেছে।
আজহারের আইনজীবী বলেন, “যে তিনজন সাক্ষীর সাক্ষ্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের একজন ছয় কিলোমিটার, একজন তিন কিলোমিটার, একজন দেড় কিলোমিটার দূর থেকে আজহারকে দেখে চিহ্নিত করেছেন। এ রকম সাক্ষ্যের ভিত্তিতে ফৌজদারি মামলায় বিচার করা যায় না।”
