ফরিদপুরে পরিবহন নেতা গ্রেপ্তার, বাস ধর্মঘট
ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচনের একদিন আগে এক পরিবহন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সেখানে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে জেলা বাস মালিকরা।
এ কারণে মঙ্গলবার সকাল থেকে ফরিদপুর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
সোমবার রাত ১টার দিকে জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সিদ্দিকী কামরুলকে ভাঙ্গা বিশ্বরোড এলাকা থেকে আটক করে পুলিশ।
এসময় কামরুল ফরিদপুর ইউনিয়নের নির্বাচনের প্রচারণার কাজে ব্যস্ত ছিলেন।
ভাঙ্গা থানার ওসি নাজমুল হাসান জানান, শ্রমিক সংগঠনের নির্বাচনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে।
বাস মালিক সমিতির সভাপতি রিয়াজউদ্দিন খান রিজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোন কারণ ছাড়া সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের বিষয়টি পরিবহন মালিক শ্রমিক মেনে নেবে না।
“কামরুলকে না ছাড়া পযন্তু জেলা থেকে সকল ধনের বাস চলাচল বন্ধ থাকবে।”
দক্ষিণ বঙ্গের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন হিসেবে পরিচিত ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন হবে ৩১ ডিসেম্বর।
গভীর রাতে পরিবহন নেতা কামরুলকে গ্রেপ্তারের পর জেলা বাস মালিক গ্রুপের নেতারা জরুরি বৈঠক করে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের সিদ্ধান্ত নেয়।
কামরুল ইসলাম ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক নাগরিক বার্তার নিবার্হী সম্পাদক।
