আজহারের রায় ১৫৮ পৃষ্ঠার
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের যুদ্ধাপরাধ মামলায় ১৫৮ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তসার ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধে ছয়টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এই জামায়ত নেতার বিরুদ্ধে।
রায় ঘোষণার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি মাইক্রোবাসে করে মঙ্গলবার সকাল ৯টার দিকে আজহারকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এরপর তাকে রাখা হয় ট্রাইব্যুনালের হাজতখানায়।
তাকে আদালত কক্ষে নিয়ে আসা হয় সকাল ১০টা ৫৮ মিনিটে। সাদা পায়জামা পাঞ্জাবি ও ঘিয়ে রঙের স্যুয়েটার পরিহিত এই জামায়াত নেতা কাঠগড়ায় রাখা চেয়ারে বসেই পায়ের ওপর পা তুলে দেন।
বেলা ১১ টা ৮ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্য বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আনোয়ারুল হক এজলাসে আসেন।
প্রারম্ভিক বক্তব্যে ট্রাইব্যুনালে চেয়ারম্যান বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, “রায় পছন্দ না হলে সহিংস হওয়া কাম্য নয়।”
এরপর ১৫৮ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তসার পড়া শুরু হয়।
বিচারপতি মো. আনোয়ারুল হক এ মামলার প্রেক্ষাপট আদালতের সামনে তুল ধরবেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন পড়বেন রায়ের পর্যবেক্ষণের একটি অংশ। সবশেষে বিচারপতি ইনায়েতুর রহিম চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন।
একাত্তরে আজহার ছিলেন জামায়াতের সেই সময়ের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের জেলা কমিটির সভাপতি। পদাধিকার বলেই আলবদর বাহিনীর রংপুর শাখার কমান্ডার ছিলেন তিনি, যে বাহিনী গড়ে তোলা হয়েছিল বাঙালির মুক্তি সংগ্রাম দমনে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করার জন্য।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছর ১২ নভেম্বর আজহারের বিচার শুরু করে ট্রাইব্যুনাল। দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৮ সেপ্টেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।
রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সকালে হাই কোর্টসংলগ্ন এলাকা ঘুরে দেখা যায় ট্রাইব্যুনালের বিভিন্ন প্রবেশপথে রয়েছে পুলিশ ও র্যা বের অবস্থান। হাই কোর্ট এলাকায় প্রবেশকারীদের পরিচয়পত্র পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। গণমাধ্যম কর্মীদেরও নিরাপত্তা তল্লাশির পর ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়া হচ্ছে।
