২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হরতালে বোমাবাজি, পুলিশের ফাঁকা গুলি

বিচ্ছিন্ন বোমাবাজি, ঝটিকা মিছিল আর রাস্তা আটকে বিক্ষোভের মধ্যে দিয়ে সিলেটে বিএনপির আধাবেলা হরতাল চলছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 09:33 AM

Updated : 22 Aug 2022, 08:11 PM

হরতালে নাশকতা চেষ্টার অভিযোগে সোমবার মহানগর বিএনপির আহবায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী ও ছাত্রদলের দুই কর্মীকে আটকের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর এলাকায় ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল চলবে।

হরতালে সকাল থেকে বিএনপির সঙ্গে ২০ দলীয় জোটের কর্মীদেরও রাস্তায় মিছিল-পিকেটিং করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, সকাল সোয়া ৭টায় নগরীর সাগরদিঘীর পাড়ে ঝটিকা মিছিল বের করে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। মিছিল থেকে কয়েকটি হাতবোমা ফাটানো হয়।

“হরতাল সমর্থকরা গাছের গুঁড়িতে আগুন দিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করলে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে তাদের সরিয়ে দেয়। এসময় একজনকে আটক করা হয়।”

হরতালে সকাল থেকে নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। তবে বন্ধ রয়েছে নগরীর বিপনীবিতান ও দোকানপাট।

সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস না ছাড়লেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানিয়েছেন।