মানহানির মামলায় গোপালগঞ্জে তারেক বিরুদ্ধে পরোয়ানা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় তারেক রহমানের বিরুদ্ধে করা একটি মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গোপালগঞ্জের একটি আদালত।
সোমবার গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম বাদী জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহাঙ্গীর হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন।
বাদীর আইনজীবী মো. ইসমাইল হোসেন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত ১৫ ডিসেম্বর লন্ডনে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ নিয়ে তারেকের বিরুদ্ধে গোপালগঞ্জে চারটি মামলা হল।
ওই বক্তব্য নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় কয়েক ডজন মামলা হয় তারেকের বিরুদ্ধে। এর মধ্যে বেশ কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
