২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসার আল ইসলামের ৩ জনের বিরুদ্ধে  মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম হত্যার ঘটনায় আনসার আল ইসলাম বাংলাদেশ-২ নামের সংগঠনটির তিন সদস্যের বিরুদ্ধে  মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2014, 10:19 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

মতিহার থানার এএসআই আবদুস সালাম বাদী  হয়ে বুধবার এ মামলা করেন বলে জানান একই থানার ডিউটি অফিসার এএসআই কামরুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, এই সংগঠনের তিন সদস্যের বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে রাষ্ট্র, ব্যক্তির ভাবমূর্তি ক্ষুন্ন এবং জঙ্গি সংগঠনের সঙ্গে জনগণকে সংযুক্ত করার আহ্বানের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে এ মামলাটি করা হয়েছে।

আসামিরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাঘুরদুয়ার বেসকারি ক্যাডেট মাদ্রাসার শিক্ষক শরীফুল ইসলাম, সদরের গোকুল তসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রায়হানুল হক ও সদরের আবদুর রহিম।

এদের মধ্যে শফিউল ইসলাম হত্যার ঘটনার এক সপ্তাহের মাথায় আটক শরিফুল ইসলাম ও রায়হানুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান এএসআই কামরুজ্জামান।

গত ১৫ নভেম্বর ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে নগরীর চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন অধ্যাপক শফিউল আলম লিলন। ঘটনার পাঁচ ঘণ্টার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আনসার আল ইসলাম বাংলাদেশ-২ নামের একটি সংগঠন হত্যার দায় স্বীকার করে।