কমলাপুরে রেলে আগুন, চারজন বরখাস্ত
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পারাবাত এক্সপ্রেসের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় রেলপথ নিরাপত্তা বাহিনীর চারজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকালে পারাবাতের একটি বগিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান।
এ ঘটনায় রেললাইন নিরাপত্তা বাহিনীর নায়েক আব্দুল কাদের, উপপরিদর্শক তাসবীর এবং প্রহরী হাফিজ ও শাজাহানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে রেল মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন।
রেলমন্ত্রী মুজিবুল হক ঘটনাস্থল পরিদর্শন করে রেললাইন নিরাপত্তা বাহিনীর কমান্ডান্ট জহিরুল ইসলাম ও সহকারী কমান্ডান্ট আব্দুল কুদ্দুসকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিনটি পৃথক কমিটি করে তিন কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও শরিফুল জানিয়েছেন।
