২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুর এক লেনে ৩ ঘণ্টা চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতুর এক পাশে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। তবে, ওই সময় অন্যপাশে চলাচল স্বাভাবিক ছিল।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 06:00 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

সেতুর পশ্চিমপাড় থানার ওসি আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে সেতুর পশ্চিম অংশের সাত ও নয় নম্বর পিলারের কাছে ১০/১২টি বাস, ট্রাক ও প্রাইভেটকার একটির পেছনে আরেকটি ধাক্কা দিয়ে আটকে যায়।

এতে হতাহতের ঘটনা না ঘটলেও রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেতু রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সেতুর পশ্চিমপাড় থানা ও ট্রাফিক পুলিশ বেলা ১০টার পর পরিস্থিতি স্বাভাবিক করে।

সেতু রক্ষণাবেক্ষণকারী মেটারোলজিক্যাল কনস্ট্রাকশন কোম্পানী অব চায়নার (এমসিসিসি) প্রধান প্রকৌশলী মো. মোজাম্মেল হক জানান, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী লেনে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী দক্ষিণ লেনটিতে বেলা ১০টা পর্যন্ত যানজট দেখা দেয়।

পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।