রাজশাহীতে স্কুলশিক্ষক খুন
রাজশাহীর বাঘা উপজেলায় একটি আমবাগান থেকে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার তেঁতুলিয়া গ্রামে লাশটি পাওয়া যায়। তাকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রেজাউল করিম চাঁদ মিয়া (৫০) উপজেলার সোনাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সোনাদহ গ্রামের বাসিন্দা এ শিক্ষক পল্লি চিকিৎসকও ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বাঘা থানার ওসি আমিনুর রহমান জানান, তেঁতুলিয়া ভোকেশনাল স্কুলের পাশের একটি আমবাগানে রেজাউল করিম চাঁদের মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, “তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যার পর মৃতদেহ আমগাছের সঙ্গে ঝুলিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
ওসি আরো জানান, সোনাদহ বাজারে রেজাউলের একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে। সোমবার বিকালে তিনি সেখানে যান এবং সন্ধ্যায় স্ত্রী হোসনে আরার সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে খবর পেয়ে হোসনে আরা ঘটনাস্থলে গিয়ে স্বামীর মৃতদেহ শনাক্ত করেন।
