২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় পাউবো প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

বরগুনার আমতলীতে বাঁধ মেরামতের নামে তিন শতাধিক গাছ কাটার অভিযোগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরগুনার নির্বাহী প্রকৌশলীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 04:15 PM

Updated : 13 Oct 2022, 12:57 PM

আমতলী থানার ওসি সুকুমার রায় জানান, উপজেলার সেকান্দারখালী গ্রামের নুরুল ইসলাম মুন্সী বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় পাউবো বরগুনার নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক, আমতলীর বন কর্মকর্তা আবদুল হাই সেলিম, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সিদ্দিকুর রহমান মৃধাসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।

দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

মামলায় অভিযোগ করা হয়েছে, আমতলীর দফাদার ব্রিজ ও সেকান্দারখালীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের নামে গত কয়েকদিন ধরে বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় এমবিএল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই তিন শতাধিক রেইন ন্ট্রি, চাম্বল, বাবলা, নারিকেলসহ নানা জাতের ফলজ ও বনজ গাছ কেটে ফেলে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রোববার আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সরেজমিনে পরিদর্শন করে গাছ কাটা বন্ধ করে দেন।

অভিযোগে আরও বলা হয়, ১৯৯৯-২০০০ সালে সবুজ বেষ্টনীর আওতায় বন বিভাগ ৪৩/১ নম্বর পোল্ডারের দফাদারের ব্রিজ থেকে সুবন্দি বাঁধ পর্যন্ত এবং সেকান্দারখালী গ্রামে সমিতি গঠনের মাধ্যমে ১০ হাজার ফলজ এবং বনজ বৃক্ষের চারা রোপন করে।

সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী এ গাছ ২০ বছর পর কাটার কথা। কিন্তু এ বছর পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের কাজ শুরু করে।

কাজটি পায় এমবিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সহযোগিতায় কোনো ধরনের টেন্ডার ছাড়াই বাঁধ মেরামতের নামে দফাদারের ব্রিজ থেকে সুবন্দি বাঁধ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এবং সেকান্দারখালী গ্রামের তিন কিলোমিটার বাঁধের কয়েকশ গাছ নির্বিচারে কেটে ফেলে।