রায় হচ্ছে, বিচার নয়: ইমরান
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় রায় হলেও তা এখনো কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার।
তিনি বলেছেন, মামলার রায় হচ্ছে কিন্তু বিচার নয়। বিচার তখনই হবে যখন এই রায় কার্যকর হবে।
মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ।
ফাঁসির রায়ে পেয়ে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করেন কর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।
এ সময় ইমরান বলেন, “মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হচ্ছে কিন্তু বিচার নয়। বিচার তখনই হবে যখন এই রায় কার্যকর করা হবে।”
বিদেশিদের ইশারায় কামারুজ্জামানের রায় কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
“কামারুজ্জামানের ফাঁসির আদেশ দ্রুত কার্যকর করা হবে এমন বক্তব্য আমরা শুনেছিলাম। কিন্তু বিদেশি দূতাবাসের একটি চিঠিতে সেই রায় কার্যকর করার কথা রাতের অন্ধাকারে চাপা পড়ে গেছে।”
কাদের মোল্লার রায়ের প্রতিক্রিয়ায় গত বছরের ৫ ফেব্রুয়ারি শাহবাগে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের এক অবস্থান কর্মসূচি থেকে সূচনা ঘটে শাহবাগ আন্দোলনের।
এই বছরের শুরুতে যুদ্ধাপরাধের বিচার নিয়ে সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তোলার প্রেক্ষাপটে ছাত্রলীগসহ সরকার সমর্থক কয়েকটি ছাত্র সংগঠন ইমরানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে।
এরপর কয়েক মাস আগে মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ড নেতা কামাল পাশা চৌধুরী আলাদাভাবে গণজাগরণ মঞ্চ নামে কর্মসূচি পালন শুরু করেন।
