২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৭৫ লাখ টাকার ওষুধ জব্দ

অবৈধভাবে বিদেশ থেকে আনা ওষুধের একটি বিশাল চালান আটক করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2014, 11:32 PM

Updated : 25 Apr 2022, 05:08 PM

পুরানা পল্টনের এসকে এন্টারপ্রাইজের আনা এসব ওষুধের মধ্যে প্রধানত ক্যান্সার চিকিৎসার ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট (বিভিন্ন ধরনের ভিটামিন) রয়েছে, যা যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, স্পেন ও ভারত থেকে আনা হয়েছে।

এসব ওষুধের দাম ৭৫ লাখ টাকা বলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ড. মো. জাহাঙ্গীর হোসেন মল্লিক জানিয়েছেন।

রোববার তিনি সাংবাদিকদের বলেন, অবৈধভাবে আনা এসব ওষুধ বৃহস্পতিবার কুরিয়ারে পাঠানো হচ্ছিল জানতে পেরে তাদের একটি দল সেগুলো জব্দ করে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে শিগগিরই ওষুধ আদালতে একটি মামলা দায়ের করবেন বলে মহাপরিচালক জানিয়েছেন।

অবৈধভাবে ওষুধ আমদানির জন্য সর্বোচ্চ ১০ বছরের জেল বা দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে ওষুধ আদালতে একটি মামলার বিচার কাজ শেষ হতে কয়েক বছর লেগে যাওয়ার কথা সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

ওষুধ আদালতে ভেজাল প্যারাসিটামলের কারণে মৃত্যুর একটি মামলার বিচার কাজ শেষ হতে ২৩ বছর লেগে যায়।

বাংলাদেশের বিকাশমান ওষুধ শিল্প থেকেই এখানকার ওষুধের চাহিদার প্রায় পুরোটা মেটানো হয়। বিভিন্ন ওষুধ কোম্পানির ২৭ হাজার আইটেমের নিবন্ধন রয়েছে দেশে। এর বাইরে প্রায় পাঁচ হাজার বিভিন্ন ধরনের ওষুধ বিদেশ থেকে আমদানি করা হয়।

তবে অবৈধভাবে আনা বিভিন্ন ওষুধ, বিশেষত যেগুলো ফুড সাপ্লিমেন্টের নামে আনা হয় সেগুলোর ব্যাপক চল রয়েছে বাংলাদেশে। চিকিৎসকরাও সেগুলো সেবনের পরামর্শ দেন, যদিও টাকার বিনিময়ে তারা এটা করেন বলে অভিযোগ রয়েছে।

এমনকি বড় বড় বেসরকারি হাসপাতালেও রোগীদের জন্য এসব ‍ওষুধ বিক্রি করা হয়ে থাকে।

চলতি বছরেই এ ধরনের ওষুধ আটকের ৪১টি মামলা করেছে ওষুধ প্রশাসন।