পশ্চিমাঞ্চল রেলের ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
অব্যবস্থাপনার অভিযোগে পশ্চিমাঞ্চল রেলের জিএম ও পাকশির ডিআরএমসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে পাবনার আদালতে মামলা করেছেন ক্ষতিগ্রস্ত এক যাত্রীর বাবা।
বুধবার বিকালে ক্ষতিগ্রস্ত যাত্রী মঞ্জুর মোর্শেদ রিয়েলের বাবা মাহবুব মোর্শেদ খান পাবনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রেজাউল করিমের আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে।
মামলায় বাদীর আইনজীবী এএসএম রিবাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈশ্বরদী পৌর এলাকার পূর্ব টেংরী মহল্লার মাহবুব মোর্শেদ খানের ছেলে মঞ্জুর মোর্শেদ রিয়েল স্ত্রী ডা. রুমানা আহমেদকে নিয়ে গত ১০ অক্টোবর পদ্মা এক্সপ্রেসের টিকেট কিনে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে আসেন।
কিন্তু ট্রেনটি প্লাটফর্মের বাইরে অবস্থান করায় ওই যাত্রী ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান এবং মেরুদণ্ডে আঘাত পান।
পরে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত ১৮ নভেম্বর পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আব্দুল আউয়াল ভূইয়ার কাছে কারণ দর্শানোর নোটিস দেন।
নোটিসের জবাব না পেয়ে বাংলাদেশ রেলওয়ে আইন ১৮৯০ এর ১২৮/১২৯/১০১ ধারায় মামলাটি দায়ের করেন তার বাবা।
