বঙ্গভবনে মিলনমেলা
বিজয়ের বার্ষিকীতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের নানা পেশার মানুষের পদচারণায় মুখর ছিল বঙ্গভবন।
পাকিস্তানি বাহিনীকে হারিয়ে বাংলাদেশের অভ্যূদয়ের ৪৩তম বার্ষিকীতে মঙ্গলবার বরাবরের মতো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, যা এক ধরনের মিলন মেলায় রূপ নেয়।
বরেণ্য শিল্পীদের দেশাত্মবোধক ও লোকগান, শিশুশিল্পী আর সশস্ত্র বাহিনীর বাদক দলের সংগীতের মূর্চ্ছনা এই আয়োজনের স্বাতন্ত্র এনে দিয়েছিল।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
বিকেল পৌনে ৫টায় স্ত্রী রাশিদা খানমকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থল বঙ্গভবনের মাঠে আসেন রাষ্ট্রপতি। এর কিছুক্ষণ আগে অনুষ্ঠানস্থলে আসেন সরকার প্রধান হাসিনা।
রাষ্ট্রপতি ও তার স্ত্রী মঞ্চে আসার সঙ্গে সঙ্গে শুরু হয় জাতীয় সঙ্গীত। প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন।
তারা ভারত, শ্রীলংকা ও মালদ্বীপের ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আনন্দ স্বরূপের নেতৃত্বে ১৭ জন যোদ্ধা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান মাঠের ভিভিআইপি এনক্লোজারে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেক কাটেন।
কেক কাটার পর তারা মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি অতিথি, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানসহ সমারিক-বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সুশীল সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বঙ্গভবনের এই অনুষ্ঠানে ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
মন্ত্রীদের মধ্যে ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, নৌমন্ত্রী শাজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিলেন অনুষ্ঠানে।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, অর্থনীতিবিদ রেহমান সোবহান, প্রবীণ আইনজীবী রফিক-উল-হক এই অনুষ্ঠানে যোগ দেন।
কূটনীতিকদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, ঢাকায় ডিপ্লোম্যাটিক কোরের ডিন ফিলিস্তিনের রাষ্ট্রদূত শায়ের মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে শিল্পী সুবীর নন্দী, শাকিলা জাফর, মলয় কুমার গাঙ্গুলী, চন্দনা মজুমদার, শামা রহমান গান গেয়ে শোনান। এছাড়া শিশু শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।
