২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের দিনে শহীদ স্মরণ

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৩তম বার্ষিকীতে সেই বীর সন্তানদের স্মরণ করছে জাতি, যাদের রক্তের বিনিময়ে দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটেছিল,বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশ নামের নতুন এক রাষ্ট্রের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 09:36 AM

Updated : 13 Oct 2022, 12:55 PM

পুরনো খবর:

বিজয়ের ৪৩ বছর

মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরে বাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে (পুরনো বিমানবন্দর) ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয়ের এই দিনের কর্মসূচি শুরু হয়।

সকাল সাড়ে ৬টার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে সেই মুক্তিসেনাদের প্রতি শ্রদ্ধা জানান, যারা প্রাণের বিনিময়ে ছিনিয়ে এনেছিল বাংলার স্বাধীনতার সূর্য।

তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর।

বাঙালির গৌরব এই স্মৃতিসৌধের নকশাকার ভাস্কর সৈয়দ মাইনুল হোসেনকে মাত্র দেড় মাস আগেই হারিয়েছে দেশবাসী।

পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে দলের নেতা-কর্মীদের নিয়ে আবারো স্মৃতিসৌধে ফুল দেন শেখ হাসিনা।

এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিভিন্ন দেশের কূটনীতিকরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

ভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পতাকা আর ফুল হাতে জনতার ঢল নামে সৌধ প্রাঙ্গণে। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষের শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে শহীদের স্মৃতির মিনার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে মুক্তি সংগ্রাম শুরুর পর ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স (এখন সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করেন যুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল আমীর আব্দুলাহ খান নিয়াজী।

আর এর মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ।

এই দিনে স্মৃতিসৌধে ফুল দেওয়ার জন্য বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মার্জিয়া আক্তার তার শিশু সন্তানকে নিয়ে রাতের বাসে বগুড়া থেকে সাভারে এসেছেন। কনকনে শীতের মধ্যে যখন তিনি স্মৃতিসৌধের ফটকে পৌঁছান, তখন ভোর ৪টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার সন্তানকে বিজয় মুহূর্তের আনন্দ দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। নিজেও সেই আনন্দটা এখানে বসে জাতির সঙ্গে ভাগাভাগি করতে চাই।”

মার্জিয়ার মেয়ে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নার্সারির শিক্ষার্থী জাহাবি জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, এর আগে একুশে ফেব্রুয়ারি ও ১৬ ডিসেম্বরে চারবার ফুল দিয়েছি সে। এবারো সে ফিরে গিয়ে স্কুলের বন্ধুদের ফুল দেওয়ার গল্প শোনাবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন প্রথম বর্ষের শিক্ষার্থী আশরাফ সোহরাওয়ার্দী বলেন, “আগে দিনের বেলায় বেশ কয়েকবার এসেছি। তবে এবারই প্রথম ভোরে এলাম। এ অভিজ্ঞতা অন্যরকম।”

স্মৃতিসৌধের অনুষ্ঠান চলার মধ্যেই রাজধানীতে জাতীয় প্যারেড স্কয়ারে শুরু হয় কুচকাওয়াজ। এই কুচকাওয়াজের সঙ্গে সশস্ত্র বাহিনীর বিভিন্ন মহড়া চলে, যার প্রস্তুতি নেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে।

রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রীও এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজয় দিবসে সাধারণ ছুটির দিনে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উড়ছে। প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো সাজানো হয়েছে জাতীয় পতাকা ও রং-বেরংয়ের পতাকায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় রাতে আলোকসজ্জাও হবে।

এ দিনের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। বেতার ও টেলিভিশনেও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে।