২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের ৪৩ বছর

রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নিয়েছিল যে বাংলাদেশ, তা পার করল ৪৩ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 12:01 AM

Updated : 22 Aug 2022, 08:06 PM

মঙ্গলবার বিজয়ের বছর পূর্তিতে সরকারি-বেসরকারি নানা কর্মসূচির মধ্যে এই মাটির মুক্তির জন্য প্রাণ দেওয়া ৩০ লাখ শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে দেশবাসী।

বিজয়ের ৪৩ বছর পূর্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রার কথাই ধ্বনিত হয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণীতে।

টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন শেখ হাসিনা ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে সংবিধানিক ধারা রক্ষা করেছেন মন্তব্য করে এখন মধ্যম আয়ের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পথে এগোনোর কথা বলেছেন।

অন্যদিকে বাংলাদেশ এখন ‘গণতন্ত্রহীন’ দাবি করে তা পুনরুদ্ধারে বিজয়ের চেতনায় দেশবাসীকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে মুক্তি সংগ্রাম শুরুর পর ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স (এখন সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করেন যুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল আমীর আব্দুলাহ খান নিয়াজী।

বিজয়ের এই দিনের কর্মসূচি শুরু হবে সকালে শেরে বাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে (পুরনো বিমানবন্দর) ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে।

তারপরের কর্মসূচি আবর্তিত হবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে, যার নকশাকার ভাস্কর সৈয়দ মাইনুল হোসেনকে মাত্র দেড় মাস আগেই হারিয়েছে দেশবাসী।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূর্যোদয়ের পরপরই স্থপতি মাইনুলের নকশায় নির্মিত স্বাধীনতার স্মারকে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ভিআইপিদের শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির শ্রদ্ধার ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধ।

স্মৃতিসৌধের অনুষ্ঠান চলার মধ্যেই রাজধানীতে জাতীয় প্যারেড স্কয়ারে শুরু হবে কুচকাওয়াজ। এই কুচকাওয়াজের সঙ্গে সশস্ত্র বাহিনীর বিভিন্ন মহড়া চলবে, যার প্রস্তুতি চলছে গত কয়েকদিন ধরে।

রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম নেবেন। প্রধানমন্ত্রীও এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিজয় দিবসে সাধারণ ছুটির দিনে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উড়বে। প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো জাতীয় পতাকা ও রং-বেরংয়ের পতাকায় সজ্জিত হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় হবে আলোকসজ্জাও।

দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলো প্রকাশ করছে বিশেষ ক্রোড়পত্র। বেতার ও টেলিভিশনেও হবে বিশেষ অনুষ্ঠানমালা।

জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপসানালয়ে হবে মোনাজাত ও প্রার্থনা। হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশুপরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোয় উন্নতমানের খাবার সরবরাহ করা হবে।

দেশের সব জেলায় এবং বিদেশে দূতাবাসগুলোতে বিজয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্মিলিত প্রচেষ্টায় সোনার বাংলা চাই: রাষ্ট্রপতি

বিজয়ের বছর পূর্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নানা চড়াই-উৎরাই পেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা তুলে ধরে বিজয় দিবসের বাণীতে তিনি বলেন, “সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত হোক, মহান বিজয় দিবসে এ আমার প্রত্যাশা।”

বর্তমান সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তাতে সাফল্য অর্জনের চিত্রও এসেছে রাষ্ট্রপতির বাণীতে।

বর্তমান সরকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে যে ‘ভিশন ২০২১’ ঘোষণা করেছে, বিপুল মানবসম্পদ ও তথ্যপ্রযুক্তির সার্থক ব্যবহারের মাধ্যমে তার বাস্তবায়ন হবে বলে দৃঢ় আশাবাদী আবদুল হামিদ।

“দেশবাসীর প্রতি আহ্বান জানাব, আসুন, আমরা দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থানে থেকে অবদান রাখি।”

গণতন্ত্র আছে বলে সব অর্জন: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে চলছে উল্লেখ করে তা ধরে রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বাধীনতার চেতনার উল্টো দিকে বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছিল, তা থেকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট বর্ণনা করে বিজয় দিবসের বাণীতে এই আহ্বান জানান তিনি।

“বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী চক্র জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে ভেঙে ফেলাই ছিল তাদের মূল লক্ষ্য।”

তারপরের রাজনৈতিক ঘটনাপ্রবাহ তুলে ধরে শেখ হাসিনা বলেন, “বাঙালি জাতি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ২০০৮ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে।

“২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করে। আমাদের সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ ও জনগণের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ দমন, অর্থনীতিকে সুদৃঢ় করার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এ সব কিছুই সম্ভব হয়েছে সংবিধান ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার মাধ্যমে।

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়ে তাতে জনগণের সমর্থন চেয়েছেন শেখ হাসিনা।

পরিস্থিতি নৈরাজ্যময়: খালেদা

বিজয়ের ৪৩ বছর পর বাংলাদেশ এখন গণতন্ত্রহীন অবস্থায় রয়েছে দাবি করে এই পরিস্থিতি থেকে উত্তরণে সক্রিয় হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।

মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে বিজয় দিবসের বাণীতে তিনি বলেন, “শোষণ-বঞ্চনামুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই ১৯৭১-এ এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল।

“স্বাধীনতার পর বিভিন্ন সময়ে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে, জনগণের মৌলিক ও মানবিক অধিকার খর্ব হয়েছে। কিন্তু প্রতিবারই এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ লড়াই-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ও মৌলিক অধিকার পুনরুদ্ধার করেছে।”

শত্রুমুক্ত হলে বাংলাদেশকে পরাধীন করার চক্রান্ত এখনও চলছে দাবি করে খালেদা বলেন, “৫ জানুয়ারির প্রহসনের একতরফা নির্বাচন করে জনমতকে তাচ্ছিল্য করা হয়েছে। এদেশে এখন মানুষের নাগরিক স্বাধীনতা নেই। ক্ষমতা জবরদখলকারীরা জনগণের ওপর নৃশংস আক্রমণ চালিয়ে হত্যা করছে। বর্তমান পরিস্থিতি যেন ভয়ংকর নৈরাজ্যময়।”

‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে’ স্বাধীনতা যুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।