দৃষ্টিনন্দন কুচকাওয়াজে সালাম নিলেন রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৩ বছর পূর্তিতে জাতীয় প্যারেড ময়দানে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য এই কুচাওয়াজে মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট, সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন শাখা এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অগ্রগতির তথ্য জানানো হয় অতিথিদের।
বাংলাদেশ টেলিভিশন জাতীয় প্যারেড ময়দান থেকে এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে।
সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপতি জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এবং তিন বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান।
সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের আয়োজনে সেনা, নৌ ও বিমানবাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র্যা ব, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা সুসজ্জিতভাবে এই কুচকাওয়াজে অংশ নেন।
রাষ্ট্রপতি সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক এবং তিন বাহিনীর প্রধানরা অভিবাদন মঞ্চে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সচিব, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, বিদেশি রাষ্ট্রদূত ও বিভিন্ন মিশনের প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আনন্দ স্বরূপের নেতৃত্বে ১৭ জন ভারতীয় উপস্থিত ছিলেন এবারের কুচকাওয়াজে।
সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার কয়েক হাজার মানুষ দুই ঘণ্টাব্যাপী মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।
অভিবাদন মঞ্চের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল প্রতিকৃতি রাখা হয়। তার পাশে ছিল জাতীয় চার নেতা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি। বঙ্গবন্ধুর প্রতিকৃতির ওপরে ছিল মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের ছবি।
বাদক দলের মঞ্চের পাশে প্রদর্শণ করা হয় লাল-সবুজ পাতা দিয়ে তৈরি জাতীয় পতাকা।
এবারের কুচকাওয়াজে অধিনায়ক ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান।
কুচকাওয়াজে বাংলাদেশ সেনা বাহিনীতে নতুন সংযোজিত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, এমবিটি-২০০০ ট্যাংক, সেলফ প্রোপেল্ড গান, আর্মার্ড লাইট ভেহিকল ও উইপন লোকেটিং রাডার এসএলসি-২, বাংলাদেশ নৌবাহিনীতে নতুন সংযোজিত ডিফেন্ডার ক্লাস বোট এবং বিমান বাহিনীতে সংযোজিত সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম প্রদর্শিত হয়।
২০০ ফুট দীর্ঘ ও ১২০ ফুট প্রস্থের একটি জাতীয় পতাকাও প্রদর্শিত হয় কুচকাওয়াজে।
পদাতিক বাহিনীর কুচকাওয়াজের পর অত্যাধুনিক রণসাজে সজ্জিত দল রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়। এছাড়া ওয়ার ডগ ও সম্মিলিত অশ্বারোহী কন্টিনজেন্ট রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়।
পরে আর্মি এভিয়েশন, নেভাল এভিয়েশন ও র্যা ব এর ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়। এছাড়া বিমানবাহিনীর ডিসপ্লে দর্শকদের মুগ্ধ করে।
বিমান বাহিনীর অংশগ্রহণে রাষ্ট্রপতিকে ‘ফ্লাইং সেলুট’ দেয় যুদ্ধ বিমান ‘মিগ-২৯’। বিমান বাহিনীর এফ-৭ বিজি যুদ্ধ বিমান লাল সবুজ ধোঁয়া উড়িয়ে রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল জাতীয় পতাকাসহ প্যারাশুট জাম্প। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কিত প্রদর্শনীও ছিল।
এরপর সম্মিলিত বাদক দলের সালাম প্রদানের মধ্য দিয়ে কুচকাওয়াজ শেষ হয়। এবার মোট ৭১৬ জন বাদক দলে অংশ নেন।
কুচকাওয়াজ শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্যারেডে অংশ নেওয়া কন্টিনজেন্ট কমান্ডারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
