২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ের  ছিটমহলে উড়ল বাংলাদেশের  পতাকা

অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ নানা আয়োজনে বিজয় দিবস পালন করেছে পঞ্চগড়ের ভারতীয় ছিটমহলবাসীরা।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 08:06 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

মঙ্গলবার সকালে বিজয় মিছিল, বাড়িতে বাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকাও উত্তোলন করা হয়।

সরেজমিন বোদা উপজেলার ভারতীয় পুটিমারী ছিটমহলে গিয়ে দেখা যায়, কলা গাছ ও বাঁশে নানা রংয়ের কাগজ মুড়িয়ে  নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।  এ সময় স্মৃতিসৌধের সামনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়াও ছিটমহলের বিভিন্ন বাড়িতে ছোট-বড় নানা আকৃতির জাতীয় পতাকা উত্তোলন করা হয়।  

দুপুরে ছিটমহলের অর্ধশত নারী-পুরুষ একটি বিজয় মিছিল করেন এবং পরে তারা আলোচনা সভায় মিলিত হন।

সভায় পুটিমারী ছিটমহলের চেয়ারম্যান তছলিম উদ্দীন বলেন, ছিটমহলের বাসিন্দা হলেও প্রত্যেকে মনেপ্রাণে নিজেদের বাংলাদেশি নাগরিক মনে করে। এজন্য কয়েকবছর ধরে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে এখানে।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড় ও নীলফামারী জেলার সভাপতি মফিজার রহমান বলেন, “দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে ছিটমহল বিনিময় হতে যাচ্ছে। আমরা আশা করছি আগামী মাসের মধ্যে স্বাধীনভাবে বাংলাদেশি ভূখণ্ডে বাংলাদেশি হিসেবে আলো-বাতাস গ্রহণ করতে পারব।” 

পঞ্চগড়ের অভ্যন্তরে থাকা ভারতীয় ৩৬টি ছিটমহলের প্রায় প্রত্যেকটিতে বিজয় দিবসের নানা কর্মসূচি পালন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন  ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।