লঞ্চ বিকল হয়ে মাঝ নদীতে ২০ ঘণ্টা
কয়েকশ যাত্রী নিয়ে বরিশালের মুলাদী উপজেলায় আড়িয়াল খাঁ নদীতে আটকা পড়ার ২০ ঘণ্টা পর পিরোজপুর থেকে ঢাকাগামী লঞ্চ শুভরাজ-২ এর যাত্রীদের অন্য একটি নৌযানে করে সরিয়ে নেওয়া হয়েছে।
লঞ্চের মাস্টার মোসলেউদ্দিন খোকন জানান, সোমবার বেলা ২টায় পিরোজপুরের হুলারহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর সোমবার সন্ধ্যা ৭টার দিকে নন্দিরবাজার এলাকার কাছে লঞ্চটি নোঙর করা হয়। এরপর আর সেটি চালু করা যায়নি।
ওই লঞ্চের যাত্রী জাহিদ গাজী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারা রাত মাঝ নদীতে আটকে থেকে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
জাহিদ গাজী লঞ্চে প্রায় দুই হাজার যাত্রী থাকার কথা বললেও মাস্টারের দাবি, যাত্রীর সংখ্যা চারশর বেশি হবে না।
দুর্ঘটনার খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে একটি দলকে ঘটনাস্থলে পাঠায় বরিশাল বিআইডব্লিউটিএ।
কিন্তু লঞ্চ চালু করা সম্ভব না হওয়ায় বিকাল সাড়ে ৩টার দিকে শুভরাজের যাত্রীদের মিরগঞ্জ-ঢাকা রুটের নিউসান নামের একটি লঞ্চে তুলে দেওয়া হয় বলে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার জানান।
